ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে নাঈম হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাঈম উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে হারুন হোসেন কালুর ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
দোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) আব্দুল হালিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু নাঈম। রাত ২টার দিকে বিষধর সাপ তাকে দংশন করে। পরে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

