আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :আশুলিয়া নিশ্চন্তপুর এলাকার আলম মন্ডলের পরিবারের দুই যুগের পারিবারিক বিরোধ চলে আসছিলো । পরিবারটি থানা পুলিশ, সাংবাদিক, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের কাছে দুইযুগ ধরে ধরনা ধরে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় বিরোধটির সমাধান করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এ বছরের জানুয়ারি মাসে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকার মন্ডল পরিবারের মধ্যেও দুই যুগের এ বিরোধের অবসান হয়। মন্ডল পরিবারের আলম হোসেন মন্ডল বলেন, মন্ডল পরিবারের মধ্যে চলমান বিরোধ চলছিল দীর্ঘ দুই যুগ ধরে। এ দুই যুগে আলম মন্ডলের বাসায় একাধিকবার ডাকাতি, তিন বার দোকান চুরি, কয়েকবার খামারের গরু চুরিসহ মারামারি কাটাকাটি চলছিল।
আলম মন্ডলের স্ত্রী আকলিমা বেগম জানান, পারিবারিক বিরোধের জেরে তার একমাত্র ছেলে আশরাফুলের উচ্চশিক্ষা ব্যাহত হয়েছে। তাকে হত্যার জন্য বিরোধীরা একাধিক বার চেষ্টা করেছে, মারধর করেছে বহুবার। তার নিরীহ ছেলে ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে। পারিবারিক এ দ্বন্দ্ব কোনো এক বিষফোঁড়ার ব্যথা ছিল। কিভাবে এ বিষফোঁড়া থেকে মুক্তি পাওয়া যায় সে জন্য তারা সাংবাদিক সম্মেলন, থানায় অভিযোগ, বিভিন্ন নেতাদের কাছে বিচার দিলেও কোন লাভ হয়নি।
অবশেষে নিরুপায় হয়ে এ বছরের জানুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর শরণাপন্ন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলম মন্ডল ও তার স্ত্রীর পারিবারিক নির্যাতনের কথা শুনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ও প্রশাসনকে দেখার জন্য নির্দেশ দেন। সে নির্দেশ মতে আশুলিয়া তানার চার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের পারিবারিক বিরোধটি মিটিয়ে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন উদ্যোগকে নিশ্চিন্তপুরবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে।

