সাভার প্রতিনিধি : সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী অ্যাসাইনমেন্ট অফিসার পরিচয় দিয়ে নয়তলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- রাকিউল ইসলাম, নুর উদ্দিন ওমর, ইসরাফিল, রাজু ইসলাম, হাসান মাহদী ও মমিন।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের টিয়াবাড়ি এলাকায় মঞ্জুআরা বেগম নামের এক নারীর নয়তলা বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় দিয়ে দলবলসহ রাকিউল ইসলাম নামের এক প্রতারক সাইনবোর্ড টাঙ্গিয়ে দখলের চেষ্টা করেন। এসময় তাদের গতিবিধি সন্দেহ হলে ওই নারী সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রতারকরা কৌশলে পালিয়ে যান।
রাতেই সাভার মডেল থানায় প্রতারক রাকিউল ইসলামকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ওই নারী।পরে পুলিশ রাজধানীর ভাটারাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান রাকিউলসহ ছয়জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দলিল, সাইনবোর্ড, মোবাইল, এটিএম কার্ডসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয় সাভার মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, প্রতারক চক্রের সঙ্গে অন্যকেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

