আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও তার ভাই আশরাফ উদ্দিন মাদবরের বিরুদ্ধে মাসউদ মোস্তফা নামের মসজিদের এক ইমাম সাংবাদিক সম্মেলন করেছেন।
শনিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় তিনি এ সাংবাদিক সম্মেলন করেন।
মুফতি মাসউদ মোস্তফা নেত্রকোণার পূর্বধলা থানার শরীফপুর গ্রামের মাওলানা গোলাম মোস্তফার ছেলে। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা জেলার সমন্বয়কারী এবং আশুলিয়ার খেজুরবাগান মাসজিদুন নূর কন্দ্রেীয় জামে মসজিদের ইমাম।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আশুলিয়ার খেজুরবাগান মাসজিদুন নূর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ১৫ মাস ধরে ইমামের দায়িত্বে রয়েছেন। ওই মসজিদের মুসল্লিদের দেয়া টাকার কোন হিসাব না থাকায় মুসল্লিরা ইমামের কাছে আপত্তি জানান। এ ব্যাপারে মসজিদের টাকার হিসাব প্রতি মাসে মুসল্লিদের নিকট পেশ করাতে বলায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও তার ভাই আশরাফ উদ্দিন মাদবর তার উপর ক্ষিপ্ত হয়ে খারাপ আচরণ করেন, ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। এমনকি মসজিদে ইমামতি করা অবস্থায় তিন মাসের বেতনের টাকা না দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। পরে শবে বরাতের রাতে ইমামকে মসজিদে না পেয়ে মুসল্লিরা ক্ষেপে যান। পরে ইমামকে বরখাস্ত কারণ জানতে চেয়ারম্যানের মামতো ভাই তাইজুল মুন্সীসহ মুসল্লিরা চেয়ারম্যানের বাড়িতে যান। এসময় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাদেরকে হেফাজতকর্মী আখ্যা দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে লাঠি পেটা করে তাড়িয়ে দেন।
বর্তমানে মুফতি মাসউদ মোস্তফা নিরাপত্তাহীনতায় ভোগছেন। তাই জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবের লিখিত আবেদন করেছেন।

