রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২০ জুন) সকালে বাড়ির পাশে থাকা খড়রে গাদার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোদাগাড়ীর কাঁকনহাট ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, নিহত শিশু সুমাইয়া ললিতনগর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের বরাত দিয়ে ঘটনা সম্পর্কে তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতে টিভি দেখে। এরপর একাই নিজের রুমে ঘুমাতে যায়। রোববার (২০ জুন) সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে সুমাইয়ার মরদেহ বাড়ির পাশে থাকা একটি খড়ের গাদার নিচে লুকানো অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কাঁকনহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘আলামত দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর মরদেহ খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

