নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রবর্তন করেছে। জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী, বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা বা শিল্প প্রতিষ্ঠানকে ২০২১ সালের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।
আগ্রহী আবেদনকারীদেরকে জাতীয় শিল্পনীতি- ২০১৬ এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ যথাযথভাবে অনুসরণ করে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১-এর দরখাস্ত আহ্বান করে বিজ্ঞাপন প্রকাশ করে শিল্প মন্ত্রণালয় আরও বলেছে, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। জাতীয় শিল্পনীতি ২০১৬, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা-২০২০ এবং আবেদন ফরম (বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত Enquiry Form-1 ও Enquiry Form-2) সহ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং অফিস চলাকালীন প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা (কক্ষ নম্বর ৪৩৭, চতুর্থ তলা) হতে সংগ্রহ করা যাবে।
পূরণ করা আবেদন ফরম আগামী ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত প্রশাসন অধিশাখায় গ্রহণ করা হবে। আবেদনকারীদেরকে জাতীয় শিল্পনীতি ২০১৬ এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ যথাযথভাবে অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে বলেও উল্লেখ করেছে শিল্প মন্ত্রণালয়।

