স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ আরচারির রিকার্ভ মিশ্র দ্বৈতে রৌপ্য জেতা রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আরচারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ মিশ্র দলগত বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ আরচারি দল, বিশেষ করে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আরচারিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং অলিম্পিকে সোনা জিতবে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘আর্চারীর উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক বিদেশী কোচের ব্যবস্থাসহ আমার পিতার নামে টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আরচারির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আরচারির উন্নয়নে করণীয় সবকিছুই করা হবে।’
রোববার সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করেছে বাংলাদেশ আরচারি দল।
এর আগে সেমিফাইনালে তারা ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেন তারা।

