ঢাকাSaturday , 10 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের প্রথম ম্যাচেই হার্শালের ইতিহাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শুক্রবার পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের। উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ২ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচের প্রথম ইনিংসে আইপিএলের ইতিহাসের অংশ হয়ে গেছেন ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।
বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে ১৫৯ রানে বেঁধে রাখার বড় কৃতিত্ব ত্রিশ বছর বয়সী ডানহাতি পেসার হার্শালের। প্রথম ইনিংসের শেষ ওভারটি হার্শালের হাতে তুলে দিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তখনও পর্যন্ত ম্যাচে ৩ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন হার্শাল। তার শিকারে পরিণত হয়েছিলেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।
শেষ ওভারে রীতিমতো জাদু দেখান হার্শাল। প্রথম দুই বলে সাজঘরে পাঠান ক্রুনাল পান্ডিয়া ও কাইরন পোলার্ডকে। তৃতীয় বলটি ডট খেলেন মার্কো জানসেন, পরের বলেই বোল্ড! চার বলে তিন উইকেট নিয়ে নিজের কুড়ি ওভারের ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পূরণ করেন হার্শাল। সেই ওভারে মাত্র ১ রান খরচ করেন তিনি।
এই কীর্তির সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে গুজরাটের এই পেসারের হাতে। তবে সব ছাপিয়ে আইপিএলের প্রথম বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছেন হার্শাল। আইপিএলের আগের ১৩ আসরে যা হয়নি একবারও, এবার আসরের প্রথম ম্যাচেই তা করে দেখালেন তিনি।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের পাকিস্তানি পেসার সোহেল তানভীর। যা কি না ২০১৯ সাল পর্যন্ত ছিল আইপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড। ২০১৯ সালে ১২ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নেন দিল্লি ক্যাপিট্যালসের ক্যারিবীয় পেসার আলঝারি জোসেফ।
আইপিএলে সবচেয়ে বেশি ছয়বার ফাইফারের শিকার হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ তাদের বিপক্ষে বোলাররা ফাইফার নিয়েছেন ছয়টি ম্যাচে। এমনকি জোসেফের ১২ রানের ৬ উইকেটের রেকর্ডটিও হায়দরাবাদের বিপক্ষে। এছাড়া পাঞ্জাবের বিপক্ষে ৪, দিল্লির বিপক্ষে ৩ এবং চেন্নাই ও ডেকানের বিপক্ষে ২ বার করে ফাইফার পেয়েছেন বোলাররা।
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম রান খরচায় ফাইফারের রেকর্ড ব্যাঙ্গালুরুর হয়ে খেলা অনিল কুম্বলের। ২০০৯ সালের আইপিএলে তিনি রাজস্থানের বিপক্ষে ৩.১ ওভারে মাত্র ৫ রান খরচায় নিয়েছিলেন ৫টি উইকেট। সেই ম্যাচে রাজস্থান অলআউট হয় মাত্র ৫৮ রানে। আইপিএলে দশের কম রানে ৫ উইকেট নেয়ার রেকর্ড নেই অন্য কোনো বোলারের।
সবমিলিয়ে আইপিএলে ২০ জন বোলার মোট ২২ বার নিয়েছেন ফাইফার। অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার এবং ভারতীয় পেসার জয়দেব উনাদকাত দুইবার করে গড়েছেন এ কীর্তি।