
প্রকাশ কান্তি মন্ডল
নিজস্ব প্রতিবেদক : বিএডিসি’র মহাব্যবস্থাপক (বীজ) প্রকাশ কান্তি মন্ডল আর নেই। শনিবার দিবাগত রাত ১টায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। করোনাসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বৎসর। তিনি স্ত্রী, তিন কন্যা, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন দক্ষ কর্মকর্তা হিসেবে চাকুরিকালীন তিনি বিএডিসি’র জন্য ব্যাপক অবদান রেখে গেছেন। বিএডিসি’র এই মহাব্যবস্থাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সদ্যপ্রয়াত প্রকাশ কান্তি মণ্ডল দীর্ঘ কর্মজীবনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মস্পৃহা দেশের কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরেক শোকবার্তায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বিএডিসির দক্ষ ও চৌকস এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে প্রকাশ কান্তি মন্ডল’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক কৃষি সংগঠন। কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর পক্ষে সংগঠনের মহাসচিব কৃষিবিদ জনাব খায়রুল আলম প্রিন্স তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আরো শোক ও সমবেদনা জানিয়েছে বিএডিসি কৃষিবিদি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। শোক জানিয়েছেন কেআইবি ঢাকা মেট্রোর সভাপতি কৃষিবিদ জনাব লিয়াকত আলী জুয়েল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. তাসদিকুর রহমান সনেট।
শোকবার্তায় তারা বলেন, তার মৃত্যুতে বিএডিসি একজন চৌকষ ও দক্ষ কর্মকর্তা হারালো। মহান সৃষ্টিকর্তা তাকে স্বর্গবাসী করুন একই সাথে পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
কৃষিবিদ প্রকাশ কান্তি মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ১৯৯০ সালে বিএডিসির সহকারী পরিচালক পদে যোগ দেন। মৃত্যুকালে তিনি মহাব্যবস্থাপক (বীজ) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে।

