
মো. জামিনুল হক
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার তেজগাঁওস্থ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার মো. জামিনুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। সাব রেজিস্ট্রার জামিনুল হক গত ২৩ মার্চ (মঙ্গলবার) লালমনিরহাট জেলার আদিতমারীর নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শারীরিক অবস্থার আরও অবনিত হলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) নেতৃবৃন্দের তাৎক্ষণিক সিদ্ধান্তে এয়ার এ্যাম্বুলেন্সযোগে রংপুর থেকে ঢাকা এনে মহাখালীস্থ মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নেন জামিনুল হক। সাব রেজিস্ট্রার জামিনুল হকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেজিস্ট্রেশন পরিবারে শোকের ছায়া নেমে আসে। গত রাতেই তার লাশ গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারীতে নেয়া হলে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জামিনুল হক ব্যক্তিজীবনে অত্যন্ত বন্ধুবৎসল, মিষ্টভাষী ও হাস্যোজ্জল একজন মানুষ ছিলেন। মেধাবী এই সাব রেজিস্ট্রারের মৃত্যুতে শোক জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক, এমপি, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শহীদুল আলম ঝিনুক। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে জামিনুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) সভাপতি মো. জিয়াউল হক এবং ঢাকা সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব মো. জাহিদ হোসেন। তারা জামিনুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান সম্পাদক তালুকদার রুমী সাব রেজিস্ট্রার জামিনুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সাব রেজিস্ট্রার জামিনুল হকের অকাল মৃত্যুতে রেজিস্ট্রেশন পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব জোবায়ের আহমেদ সাব রেজিস্ট্রার জামিনুল হকের অকাল মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

