স্পোর্টস ডেস্ক
আরো দ্রুত ফিট হওয়ার জন্য নিজের বাড়িটাকেই যেন মিনি ক্লিনিকে পরিণত করেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বাড়িতে বসানো হয়েছে দুটি মেশিনও।
রোনালদো যে তার হাঁটু নিয়ে চিন্তিত তা তার চিকিৎসার ব্যবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আসলে নিজেকে পুরোপুরি সারিয়ে ফের স্বমহিমায় মাঠে ফিরতে চাচ্ছেন সিআরসেভেন। কিন্তু কী চিকিৎসা হচ্ছে তার? আসলে প্রযুক্তির সাহায্যে নিয়ে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা। যেমন মোটর লাগানো রোলারের ব্যবহার। যা রোনালদোর ওজন কমানোর কাজ করছে। বাড়তি মেদ ঝরে ফেলানোর পাশাপাশি এই মেশিন তার পেশিকে নরম ও শিথিল করছে। কেননা, ক্রমাগত চোটের কবলে থাকা পর্তুগিজ তারকার পেশিগুলো শক্ত হয়ে গিয়েছিল। যা ছিড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছিলো। চোট লাগলে সহজে সারছিল না। যা থেকে সুরক্ষা দেবে মোটর রোলার।
আর দ্বিতীয় মেশিনটা হলো একটা ভ্যাকুয়াম রোলার। এর মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ানো যায়। যা কোনো ব্যক্তির পেশি কিংবা টেন্ডনকে সচল করতে সাহায্য করে। জমে থাকা রক্তকে সঞ্চালিত করে দেয়। যা চোট পাওয়া লিগামেন্টে রক্তের প্রবাহটা বেড়ে যায়। ফলে দ্রুততম সময়ে চোটমুক্ত হওয়া যায়। অবশ্য লিগামেন্টে ব্যথা পেলে অস্ত্রোপচারই বাধ্যমূলক। কিন্তু এই মেশিন ব্যবহারের কারণে রোনালদোকে এখন আর শল্যবিদের কাঁচির নিচে নিজেকে সপে দিতে হচ্ছে না।


