চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পেন্ডল ক্লিপ খুলে নেয়ায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ট্রেনচালকসহ দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ট্রেনের দুই বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল ও চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান।
যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সূবর্ণ, মহানগর প্রভাতী, চাঁদপুরগামী সাগরিকা, বিকেলের গোধূলী এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী সূবর্ণ ও মহানগর প্রভাতীর যাত্রা বাতিল করা হয়।
এছাড়া দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির তিন সদস্য হলো- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) তৌহিদুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান ও ডিএসটি সাকির হোসেন।

