ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোল্ডারের আগুনে পুড়ল শ্রীলঙ্কা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বর্তমানে তিনিই বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। ব্যক্তিগত কারণে আসেননি বাংলাদেশ সফরে। তবে দলে জায়গা নিয়ে ভাবতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই একাদশে ফিরেছেন তিনি এবং দিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন হোল্ডারের তোপেই দিশেহারা শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে দিমুথ করুনারাত্নের দল। মাত্র ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন হোল্ডার। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নতুন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি ক্যারিবীয় পেসাররা। প্রথমে লঙ্কান শিবিরে ভয় ঢোকান কেমার রোচ, পরে তাদের গুঁড়িয়ে দেন হোল্ডার।
লঙ্কান ইনিংসের সিংহভাগ রান একাই করেছেন বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে। ইনিংসের ৬৪তম ওভারে দলীয় ১৬০ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। এর আগে খেলেন ১৮০ বলে ৭০ রানের ইনিংস। সরাসরি বোল্ড করে থিরিমান্নের বিদায়ঘণ্টা বাজান হোল্ডার।
নিরোশান ডিকভেলাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫৮ রানের জুটি গড়েছিলেন থিরিমান্নে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ডিকভেলা হোল্ডারের শিকারে পরিণত হওয়ার আগে করেন ৩২ রান। এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন ধনঞ্জয় ডি সিলভা (১৩) ও করুনারাত্নে (১২)। এ দুজনের চেয়ে বেশি রান অবশ্য করেছেন মি. এক্সট্রা (১৬)।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ১৭.৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন হোল্ডার। টেস্ট ক্যারিয়ারে হোল্ডারের এটি অষ্টম ফাইফার। এছাড়া কেমার রোচের শিকার ৩টি উইকেট।
পরে শেষ বিকেলে ১৩ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। রান তুলেছে ঠিক ১৩। অধিনায়ক ব্রাথওয়েট ৩ ও জন ক্যাম্পবেল ৭ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন।