স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে পরাজয়, পরে কলকাতায় দিবারাত্রির টেস্টে হার ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা এমনই ছিল বাংলাদেশ দলের। পাকিস্তান সফরে গিয়ে তৃতীয় ম্যাচেও জুটেছিল ইনিংস ব্যবধানে পরাজয়। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক কিছু পায়নি টাইগাররা।
এবার প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজের দুই টেস্টেই সহজ জয় পেয়েছিল টিম টাইগার্স। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য হিসেবে সেই ক্যারিবীয়দেরই পেলেন মুমিনুল হক, মুশফিকুর রহীমরা।
এ সিরিজের মাধ্যমে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর কোনো মন্ত্র কি জমা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে? সোজাসাপটা জবাব টাইগার অধিনায়ক মুমিনুলের, ‘ওরকম কোনো মন্ত্র নেই (হাসি)। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি, নতুন করে শুরু করবো।’
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এই মাঠে সবশেষ ম্যাচের স্মৃতিটা মোটেও সুখকর নয় বাংলাদেশের। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসান বাহিনী। একই মাঠে আবারও খেলতে নামার আগে সেই ম্যাচের স্মৃতি মাথায় রাখতে চান না বর্তমান অধিনায়ক মুমিনুল।
তিনি বলেন, ‘কাল (অতীত অর্থে) আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। হয়তো উত্তরটা বুঝতে পেরেছেন। আফগানিস্তানের সাথে কী হয়েছিল, মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’

