মাহবুব সৈয়দ, নরসিংদী : নরসিংদীর পলাশে পৃথক দু’টি সামাজিক কবরস্থান থেকে ৭টি কংকাল চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকে ১টি কংকাল চুরি হয়। এই ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কংকাল চুরি করে নিয়ে যায়। একই সময় পার্শবর্তী ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকেও ১টি কংকাল চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
কাজিরচর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় গ্রামাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ওসি নাসির জানান, কবর থেকে কংকাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

