রাজশাহী প্রতিনিধি : দিন কয়েক আগেও রাজশাহীর খুচরা বাজারে প্রতি কেজি ফুলকপি বিক্রি হয়েছে ১০ টাকায়। বেগুন-বাঁধাকপির দামও ছিল একই। কিন্তু সপ্তাহ না যেতেই ফুলকপি, বাঁধাকপি ও বেগুনের কেজি ২০ থেকে ৩০ টাকা হয়েছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে অন্যান্য সবজির দাম।
ভরা মৌসুম হলেও রাজশাহীর বাজারে পেঁপে ২৫ টাকায়, শিম ৪০ টাকায়, বরবটি ৫০ টাকায় এবং নতুন আলু ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে গত সপ্তাহের মতোই মিষ্টি কুমড়া ৩০ টাকা, মুলা ১০ টাকা, পিঁয়াজের ফুলকা ২০ টাকা, পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে গাজর, টমেটো ও করলার দাম। বাজারে প্রতি কেজি গাজর ৪০ টাকা, টমেটো জাতভেদে ৪০ থেকে ৫০ টাকা এবং করলা মিলছে ৪০ টাকায়।
এখানকার চালের বাজারও কিছুটা চড়া। প্রতি কেজি আটাশ ৫৮ টাকা, মিনিকেট ৬০ টাকা, স্বর্ণা ৫০ টাকা, কাটারিভোগ ৬০ টাকা, কালোজিরা আতপ ৯০ টাকা, বাসমতি ৬৮ টাকা, নাজিরশাইল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে রাজশাহীর বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি, খাসি ও গরুর মাংস। মাছের বাজারও রয়েছে স্থিতিশীল।

