নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মায় গোসলে নেমে তলিয়ে গেছেন রকিমন নেসা (৭০) নামের এক বৃদ্ধা।
রোববার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর হারুপুর আই-বাঁধ এলাকার পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা।
নিহত রকিমন নেসা নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার তাহার আলীর স্ত্রী।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, দুপুর দেড়টার দিকে পদ্মায় গোসলে নামেন ওই বৃদ্ধা। ওই সময় তিনি পানিতে তলিয়ে যান। টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সন্ধান না পেয়ে দমকল কর্মীদের খবর দেন। পরে সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা শামসুল আলম, ডুবুরি রিপন হোসেন, জুয়েল রানা ও আব্দুর রাজ্জাকের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

