টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন (৪০) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। নিহতদের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

