বিনোদন প্রতিবেদক : সত্তর দশকের শেষে যাত্রা শুরু করেছিলো গানের দলটি। ফিনিক্স পাখির মতো উড়ে এসেছিলো তারা সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের শ্রোতাদের কাছে। সুর ছড়িয়ে দিয়েছিলো তারুণ্যের অন্তরে অন্তরে। তাদের অডিও অ্যালবামের নাম শুরু হতো ‘প’ অক্ষরটি দিয়ে। সেই দলের নাম ‘মাইলস’। চলতি বছরে দলটি প্রতিষ্ঠার ৪০ বছর উদযাপন করেছে।
দলটির অন্যতম ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ।
তিনি ডাবল বেজ প্রোডাকশন নামে একটি মিউজিক লেবেল চালু করেছেন। এখান থেকে গেল এক বছর ধরেই শাফিন আহমেদ তরুণ শিল্পীদের নিয়ে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনটি গান তৈরি করেছেন তিনি যা প্রকাশ হতে যাচ্ছে আগামী সপ্তাহে।
শাফিন আহমেদ আজ বুধবার এক ই-মেইল বার্তায় জানান, গান প্রকাশের তালিকায় রয়েছে লেখা শাফিন আহমেদ ফিচারিং পল্লবী রয়ের ‘ভ্রমর কইও গিয়া’ শিরোনামের গানটি। ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে তৈরি এই গান শুনতে পাওয়া যাবে দেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্লাটফর্ম ও ডাবল বেজ প্রোডাকশন (DBP)- এর ইউটিউব চ্যানেলে। গানটির সংগীত আয়োজন করেছেন শাফিন আহমেদ।
‘সে আমায় ডুবায়’ শিরোনামের গানটিতে শাফিন আহমেদের আয়োজনে গেয়েছেন বেনাজির জিলানি। গানটির কথা ও সুর করেছেন বেনাজির নিজেই। সংগীতায়োজন শাফিন আহমেদের। আগামী ৫ নভেম্বর থেকে এ গানটিও উপভোগ করা যাবে দেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্লাটফর্ম ও ডাবল বেজ প্রোডাকশনের (DBP) ইউটিউব চ্যানেলে।
তালিকায় আছে ৯ গানের অ্যালবাম ‘এলো মেলো’। এখানে গানগুলোর কথা, সুর ও কণ্ঠ জাফরিয়ের। সবগুলো গানের সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজে ও তার বন্ধুরা। ডাবল বেজ প্রোডাকশনের ব্যানারে অ্যালবামটি ৬ নভেম্বর থেকে শোনা যাবে দেশের ডিজিটাল মিউজিক প্লাটফর্ম ও ডাবল বেজ প্রোডাকশনের (DBP) ইউটিউব চ্যানেলে।
তিনটি গান প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘আমি আনন্দ নিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছি। তার মধ্য থেকেই কয়েকটি গান প্রকাশ হতে যাচ্ছে। আমার প্রত্যাশা, এ গানগুলোর আয়োজন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। উপভোগ্য হবে সবার কাছে।’
দেশের লিজেন্ড এই ব্যান্ড তারকা আরও জানান, তার মিউজিক লেবেল ডাবল বেজ প্রোডাকশনের ব্যানারে গত মাসে প্রকাশ পেয়েছে তার পুত্র অজির কণ্ঠে র্যাপ গান। ‘অজি দ্য র্যাপারের একক ‘ওভারচার’ গানটি প্রকাশিত হয়েছে গান ডট কম ডট বিডি, স্ফোর্টিফাইসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
পাশাপাশি ‘শুরু থেকে শুরু’ নামের একটি গানও প্রকাশ হয়েছে। এ গানটিতে নিজেই কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। তারই সুর ও সংগীতে এ গানের গিত লিখেছেন বাপ্পি খান।

