বিশেষ সংবাদদাতা : বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩১-২৬ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের প্রথমার্ধ ১৪-১৩ গোলে শেষ হয়। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সোহাগ সর্বোচ্চ ১৪ গোল করেছেন।
বৃহস্পতিবার সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
এর আগে সর্বশেষ ফেডারেশন কাপ হ্যান্ডবল হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর টুর্নামেন্ট আবার চালু করলো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগে হওয়া চার আসরের মধ্যে সর্বশেষ তিনবার ফাইনালে উঠেও শিরোপার নাগাল পায়নি পুলিশ দল। অবশেষে তাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ হলো।

