
সাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস পোশাক কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গার্মেন্টেসের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করলে কারখানা কর্তৃপক্ষ অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে গত ২১ জানুয়ারি কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
এদিকে, সোমবার সকালে কারখানার তিন হাজার শ্রমিক মূল ফটকের সামনে গিয়ে কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডাতার এক পর্যায়ে শুরু হয়ে যায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দশ শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপরে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে তিনি জানান।

