তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনা মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান অপ্পো এদেশে মোবাইল ফোন সেট বাজারজাত শুরু করেছে। জনপ্রিয় বিভিন্ন স্মার্টফোনের ভিড়ে অপ্পোর আকর্ষণীয় ফিচার এরইমধ্যে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। তাই প্রযুক্তিপ্রেমীদের কাছে এখন নতুন ক্রেজ অপ্পো মোবাইল।
অপ্পো মোবাইলে অত্যাধুনিক প্রযুক্তি আর উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা রয়েছে। এছাড়া এর ‘মেটালিক বডি’ যেমন শক্তপোক্ত তেমনি আকর্ষণীয়।
বাংলাদেশসহ বিশ্বের ২০টির বেশি দেশে অপ্পো মোবাইল ফোন বাজারজাত করছে। এরইমধ্যে এদেশে জনপ্রিয় হয়ে উঠছে অপ্পো। বর্তমানে শুধু ঢাকায় অপ্পো বিপনণ ব্যবস্থা চালু থাকলেও অচিরেই অন্যান্য বিভাগীয় শহরে অপ্পোর বিক্রয় ও সেবাকেন্দ্র চালু করা হবে। ঢাকার বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, অর্কিড পয়েন্ট ও বাইতুল ভিউ টাওয়ারে অপ্পোর শো-রুম রয়েছে। ঢাকা ছাড়া বাংলাদেশের অন্যান্য স্থানে অপ্পোর কার্যক্রম সম্প্রসারণের কাজ চলছে।
বাজারে অপ্পোর সাতটি মডেলের সেট পাওয়া যাচ্ছে। অচিরেই আরো ২টি মডেলের সেট আসছে।
অপ্পো মোবাইল ফোনের ব্র্যান্ড ব্যবস্থাপক মাইকেল জানান, চীনের বাজারে ২০০৪ সালে মোবাইল ফোন উৎপাদন ও বাজারজাত শুরু করে প্রতিষ্ঠানটি। চীনের বাজারে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে অপ্পো। এরপর অপ্পোর বাজার বাড়তে শুরু করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, দক্ষিণ কোরিয়া, ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে অপ্পো মোবাইল ফোন সেট বাজারজাত করা হচ্ছে।
মাইকেল জানান, অপ্পোর নিবেদিত কর্মী বাহিনী রয়েছে। যারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপ্পোর নিজস্ব প্রযুক্তিবিদরা সর্বশেষ প্রযুক্তির সংমিশ্রণে মোবাইল ফোন সেটে নতুন নতুন ফিচার সংযোজন করছেন।
এদেশের বাজারে সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন মডেলে মোবাইল ফোন সেট এনেছে অপ্পো। স্টার সিরিজের সাতটি স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে ফাইন্ড ৭, ফাইন্ড ৭এ, এনওয়ান মিনি, আরওয়ানকে, নিও ৩, অপ্পো জয় ও ইয়োইয়ো। এছাড়া এন-৩ এবং আর ৫ মডেলের আরো দুটি ফোন বাজারে আসার অপেক্ষায় রয়েছে।
এই মডেল দুটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। প্রথম পাঁচশ জন ফরমায়েশকারীর জন্য থাকছে অপ্পোর চার হাজার পাঁচশো টাকার মূল্যের আকর্ষণীয় হেডসেট।
অপ্পোর অনলাইন ব্র্যান্ড নির্বাহী সাদমান তানভীর জানান, অপ্পো মোবাইলের সবগুলো ফিচারই অনবদ্য। অপ্পোর এন-৩ তে দুইশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা রোটেশনের সুবিধা রয়েছে। ক্যামেরা রোটেশন করার জন্য স্ক্রিন টাচই যথেষ্ট। এছাড়া এটিতে রয়েছে বায়োম্যাট্রিক ফিংগার লক এবং রিমোট কনট্রোল অপারেটিং সিস্টেম।
সাদমান জানান, অপ্পো ফাইন্ড ৭ ইতোমধ্যে দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এই স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সাধারণ এইচডির চেয়েও দ্বিগুণ রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল আলট্রা এইচডি ক্যামেরা রয়েছে। এটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির র্যাম তিন গিগাবাইট। তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ভিওওসি চার্জার রয়েছে যাতে আধ ঘণ্টায় ৭৫ শতাংশ চার্জ সম্পন্ন হয়।

