বিনোদন ডেস্ক : আজ ২৪ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই উৎসবের প্রতিযোগীতা বিভাগে প্রর্দশনের জন্যে নির্বাচিত হয়েছে আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রটি।
সরকারি অনুদানের নির্মিত ‘গাড়িওয়ালা’ ছবির প্রেক্ষাপট মূলত পারিবারিক। কিশোর দুই ভাই এবং তাদের মায়ের গল্প নিয়ে এগিয়ে যায় এর কাহিনী।ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও রোকেয়া প্রাচী। এ ছাড়াও রয়েছেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, আবদুর রহমান রাজীব, আরজে মুকুল, সাকি ফারজানা প্রমুখ।
এদিকে যুক্তরাষ্ট্রের উৎসবে যাওয়া প্রসঙ্গে পরিচালক আশরাফ শিশির বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো জায়গায় আমাদের ছবি প্রর্দশীত হতে যাচ্ছে। এটা সত্যিই আনন্দের। এর মাধ্যমে প্রমাণিত হলো আমাদের ছবি উন্নতি করছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আগে গ্রিসের রাজধানী এথেন্সে ‘৪র্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব’, সংযুক্ত আরব আমিরাতের ‘শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ভারতের কলকাতায় ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে প্রদর্শীত হয়।

