নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পাট খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার বদ্ধপরিকর।’
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান সমস্যার স্থায়ী সমাধান এবং পাট খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিজেএমসির সচিব এ এফ এম এহতেশামূল হক উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘বহুমুখী পাটপণ্যের বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও পুনর্বিন্যাস করে বন্ধ হওয়া পাটকল জরুরি ভিত্তিতে পুনরায় চালু করতে কাজ করছে সরকার। অবসায়নের পরে দেশের পাটকলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), যৌথ উদ্যোগ জিটুজি বা লিজ মডেলে পরিচালনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আবার উৎপাদনে ফিরিয়ে আনা হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের চাকরি অবসান এবং পাটকল বন্ধ ঘোষণার ক্ষেত্রে শ্রম আইনের সংশ্লিষ্ট সব বিধান অনুসরণ করা হয়েছে। শ্রমিকদের পাওনার পরিমাণ নির্ধারণ এবং তা পরিশোধের ক্ষেত্রেও যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাটকলগুলো উপযুক্ত ব্যবস্হায় আধুনিকায়ন ও পুনরায় চালু এবং বিজেএমসির জনবল কাঠামো পরিবর্তিত পরিস্হিতির আলোকে যৌক্তিকীকরণের বিষয়ে সুপারিশ করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের দুটি কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

