ঢাকাTuesday , 28 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরাদ্দের ৮৫ ভাগ ব্যয় করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বরাদ্দের ৮৪.৯১ ভাগ অর্থ ব্যয় করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া ২১৪ কোটি ৭৮ লাখ টাকার মধ‌্যে ১৮২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়েছে, মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের মধ্যে ৬৩ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৩৬ কোটি টাকা। ৩৮০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা জেলা এবং আরো ৩০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। দেশের সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে।
২৭২টি মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা সংরক্ষণ ও পুনঃনির্মাণ এবং ৬৫টি স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
সভায় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলো জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। যথাযথ মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নয়টি প্রকল্প চলমান আছে। এছাড়া, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনসহ আরো ৯টি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।