আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবন থেকে দেশটির পতাকা নামানো হলো সোমবার (২৭ জুলাই), এক প্রতিবেদনে এই খবর জানায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধে আমেরিকার দেওয়া ৭২ ঘণ্টার সময় শেষ হয় গত শুক্রবার (২৪ জুলাই)। পাল্টা জবাবে ওইদিনই এক ঘোষণায় মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় বেইজিং। তবে তারা ভবনটি ছাড়তে মার্কিনিদের কোনও ডেডলাইন দেয়নি।
তবে সোমবার ভোর হতেই বোঝা গেলো সময় ফুরিয়ে গেছে মার্কিন কনস্যুলেটের কর্মীদের। সিচুয়ান প্রদেশের ওই ভবনটি থেকে স্থানীয় সময় সকাল ৬টা ১৮ মিনিটে পতাকা নামানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকানদের এই দিন সকাল ১০টার মধ্যে ভবনটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা মহামারির পাশাপাশি বাণিজ্য ও প্রযুক্তিগত লড়াই, দক্ষিণ চীন সাগরে চীনাদের আধিপত্য ও হংকংয়ে এর নতুন নিরাপত্তা আইনের কারণে দুই দেশের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ক্যাটরিনা ইউ, যিনি চেংদুর বাসিন্দা। কনস্যুলেটের আবহ নিয়ে তিনি বলেছেন, পুলিশ কনস্যুলেটে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পতাকা নামানোর কিছুক্ষণ পর ব্যারিকেড তৈরি করে। ওই ভবনে শতাধিক আমেরিকান কাজ করে বলে জানান তিনি।

