নিজস্ব প্রতিবেদক : খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় (উন্নয়ন প্রকল্পগুলো জুন ২০২০ পর্যন্ত) অনলাইন ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
বিভিন্ন প্রকল্পের চলমান সার্বিক কার্যক্রমে খাদ্যমন্ত্রী হতাশা প্রকাশ করে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিকল্পনা করা হয়েছে। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
সভায় জানানো হয়, বিশ্বব্যাংকের সহযোগিতায় ৫.৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ৮টি আধুনিক স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বরপাশা ও মধুপুরে সাইলোগুলোর নির্মাণ কাজ চলছে। মন্ত্রী চলমান কাজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
মন্ত্রী প্রকল্প পরিচালকদের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের আরসি ফুড, ডিসি ফুডদেরও খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি প্রকল্পের কাজ মনিটরিং করার নির্দেশ দেন।

