নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটিতেও সেখানে নমুনা সংগ্রহের বুথ খোলা থাকবে।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূ্ত্র এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, গত ২০ জুলাই মহাখালীর ডিএনসিসি মার্কেটে অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। ২০টি বুথ স্থাপন করে এ কার্যক্রম চালানো হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, নারী ও বিদেশগামীদের জন্য পৃথক বুথ নির্ধারণ করা হয়েছে। বুথগুলোতে প্রতিদিন প্রায় ১ হাজার বিদেশগামীর নমুনা সংগ্রহ করা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। বিদেশযাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। বিদেশগামীরা নমুনা দেওয়ার পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিপোর্ট সংগ্রহ করতে পারবেন।
সংগৃহীত নমুনাগুলো ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পরীক্ষা করা হবে। নমুনা পরীক্ষা ফি ৩ হাজার ৫৩৫ টাকা ধার্য করা হয়েছে।

