আন্তর্জাতিক ডেস্ক : প্রায় পাঁচ দিনের মাথায় করোনাভাইরাস মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের একটি বড় প্যাকেজের চুক্তিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
এই চুক্তির মাধ্যমে ইইউ’র নির্বাহী ইউরোপিয়ান কমিশন ২৭ দেশের জোটের পক্ষে মহামারির প্রভাব মোকাবিলায় পুঁজি বাজারে কয়েকশ কোটি ইউরো বৃদ্ধির পথ পেলো। প্রায় সাত দশক পর ইউরোপীয় এই জোট এই অভূতপূর্ব সংহতি প্রকাশ করলো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্মেলনের চেয়ারম্যান চার্লস মাইকেল জানান, গ্রিনিচ মান সময় রাত ৩টা ১৫ মিনিটে এই চুক্তির ব্যাপারে সম্মতি পৌঁছায় ইইউ। চুক্তি স্বাক্ষরের এই ক্ষণটিকে ইউরোপের জন্য ‘অনন্য মুহূর্ত’ বলে অভিহিত করেছেন তিনি।
সম্মেলনের আগেই জোটের অনেক সদস্য সতর্ক করে দিয়ে বলেছিলেন, সম্প্রতি ইইউ থেকে ব্রিটেনের বিদায় এবং করোনা মহামারির সময় সম্মেলন ব্যর্থ হলে জোটের টিকে থাকাটাই সংশয়ের মধ্যে পড়বে। সম্মেলেনের সফলতার পরপর মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। ডলারের বিপরীতে ইউরোর দামও বেড়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া সম্মেলনে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। এতে অর্থনীতি পুনরুদ্ধারে অনুদান ও ঋণ হিসেবে ৭৫০ বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে। মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে ৩৯০ বিলিয়ন ইউরো দেওয়ার বিষয়টি চুক্তিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। বাকী ৩৬০ বিলিয়ন ইউরো জোটের অন্য সদস্যরা স্বল্প সুদে ঋণ হিসেবে নিতে পারবে। ধারণা করা হচ্ছে, ইতালি ও স্পেন ৩৯০ বিলিয়ন ইউরো থেকে একটি বড় অংশ পাবে।

