নিজস্ব প্রতিবেদক : রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের দেশীয় কম্প্রেসর উৎপাদনকে অধিক উৎসাহিত করতে শর্ত সাপেক্ষে আমদানিকৃত কাঁচামালেব্ শুল্কে ছাড় ও রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি সুবিধা বহাল রেখেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা সম্প্রতি দেওয়া আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। এই আদেশ প্রস্তাবিত বাজেটের দিন (১১ জুন) থেকে কার্যকর ধরা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে কম্প্রেসর উৎপাদন সুবিধায় প্রজ্ঞাপনে উল্লেখিত টেবিল-১ এর আওতায় এইচএস কোডের বিপরীতে কম্প্রেসর ওয়েল, ক্যাপাসিটর, প্রিন্টেড সার্কিড বোর্ড, আর্টিফিশিয়াল গ্রাফাইট, অ্যালুমোনিয়াম ইনগট, সিলিকন ইলেকট্রিক্যাল স্টিল সিটসহ ২৫ ধরনের কাঁচামালের ওপর প্রযোজ্য আমদানি শুল্ক মূল্যভিত্তিক ১ শতাংশের অতিরিক্ত শুল্ক এবং সমুদয় রেগুলেটরি ডিউটি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। গত অর্থবছরের বাজেটে ২৩ ধরনের কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল।
একইভাবে প্রজ্ঞাপনে উল্লেখিতটেবিল-২ এর অন্তর্ভুক্ত ১১ ধরনের কাঁচামালে প্রযোজ্য আমদানি শুল্ক মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত শুল্ক এবং সমুদয় রেগুলেটরি ডিউটি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
যদিও এ সুবিধা পেতে কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বেশকিছু শর্ত পূরণ করতে হবে।
শর্তাবলীর মধ্যে রয়েছে-আমদানিকারক প্রতিষ্ঠানকে অবশ্যিই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লাইন্ট কম্প্রেসর উৎপাদনকারী হতে হবে। ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার অর্থ যার নিকট আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে ইস্যুকৃত হালনাগাদ শিল্প ভোক্তা আইআরসি রয়েছে এমন প্রতিষ্ঠান।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর অধীন নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) দাখিল করে এমন উৎপাদনকারী প্রতিষ্ঠান।
শর্তাবলীর মধ্যে আরো রয়েছে, এই প্রজ্ঞাপনের আওতায় পণ্য আমদানি ও খালাসের লক্ষ্যে প্রতিষ্ঠানটির হালনাগাদ নবায়নকৃত শিল্প ভোক্তা আইআরসি রয়েছে এবং ১৩ ডিজিট মূসক নিবন্ধিত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিবেচ্য বিল অফ অ্যান্ট্রি দাখিলে অব্যবহিত পূর্ববর্তী ১২ মাসের অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয়সংখ্যক দাখিলপত্র রিটার্ন দাখিল করিয়াছে যা কাস্টমস কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক তথ্য প্রদর্শিত থাকতে হবে।
কম্প্রেসর উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কারখানা স্থাপনে পর এই প্রজ্ঞাপনের অধীন রেয়াতি সুবিধায় কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানির অনুমোদনের জন্য এনবিআর চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে এরূপ সাতটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
গত ১১ জুন বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনকারী দেশীয় শিল্পের সুরক্ষায় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করেন।

