নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবদুল হাকিম (৭৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। নিহত হাকিম মহানগরীর শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাইক চালক জাহিদ হোসেনও (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদেরও বাড়ি শ্রীরামপুর এলাকায়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, রাস্তা পারাপারের সময় বৃদ্ধ আবদুল হাকিমকে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল। এ সময় আহত দুইজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আবদুল হাকিমের মৃত্যুর ব্যাপারে তার পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

