নওগাঁ সংবাদদাতা : নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, নিহত যুবকের নাম সুবাস নির্মল (৩৬)। তিনি পোরশা উপজেলার তুরিপাড়া নিতপুর গ্রামের শ্রী ভুলুরায় এর ছেলে।
সোমবার (১৫ জুন) ভোরে পোরশা উপজেলার নিতপুর বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এ গুলির ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ আগ্রাবাদ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নিমতলী দিয়ে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সুবাস নির্মল ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম জানান, ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

