ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল বিক্রির পাওনা ৩শ টাকা চাওয়াকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক শাহিন ওরফে জাম্বুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম দৌলতপুর গ্রামের জবেদ বিশ্বাসের ছেলে। এবং গ্রেপ্তার শাহিন একই গ্রামের ছামসুর মণ্ডলের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ছাগল বিক্রির পাওনা তিনশ টাকা শাহিন একই গ্রামের কৃষক আমিরুলের বোন জামাইয়ের কাছে পেতেন।
এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় শাহিন ও আমিরুলের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিন আমিরুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে ঘাতক শাহিন পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। গতরাতেই নিহতের স্বজনরা শাহিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, পুলিশ এ হত্যাকাণ্ডের পরই শাহিনকে গ্রেপ্তারের জন্য রাতভর কালীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে শনিবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তার থানার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে কালীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির পাশ থেকে রক্তমাখা ধারালো দা উদ্ধার করে। তাকে হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

