গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।
রোবরার (৭ জুন) রাতে কোটালীপাড়া থানায় হত্যা মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, নিহত নিখিল তালুকদারের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে আসামি একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সোমবার (৮ জুন) আসামিদের আদালতে পাঠানো হবে।
গত ২ জুন বিকেলে উপজেলার রামশীল বাজারের ব্রিজের পাশে নিখিলসহ চারজন তাস খেলছিলেন। ওই সময় কোটালীপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামীম হাসান সেখানে যান। তখন তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তিনজন পালিয়ে গেলেও নিখিলকে শামীম হাসান ধরে মারপিট এবং হাঁটু দিয়ে পিঠে ও মেরুদণ্ড আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে নিখিলের মেরুদণ্ড ভেঙে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

