কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার এক পলাতক আসামি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মৎস্যঘাটে বন্দুকযুদ্ধ হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নিহত আরিফুল ইসলাম (২২) মহেশখালিয়া পাড়ার সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলামের ছেলে।
ওসি প্রদীপ কুমার বলেন, ভোররাতে মৎস্যঘাট এলাকায় পলাতক আসামি আরিফুল ইসলাম দলবল নিয়ে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশ লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে।। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।
তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে কিছু ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি একটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আহত তিন পুলিশ সদস্য হলেন, এএসআই রামধন দাশ, মো. সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।
প্রদীপ কুমার জানান, নিহত আরিফুলের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে।

