বরগুনা প্রতিনিধি : করোনা আতঙ্কের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বরগুনার ৭৭২ জন প্রবাসী বাংলাদেশে এসেছেন। এদের ৩৫ জনের কোনো হদিস না পাওয়ায় তাদের অনুসন্ধানে নেমেছে বরগুনা জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ মার্চ থেকে শুরু করে ২১ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বরগুনার ৭৭২ জন প্রবাসী বাংলাদেশে প্রবেশ করেছেন। ৭৩৭ জনকে শনাক্ত করতে পেরেছে বরগুনা জেলা পুলিশ। এদের মধ্যে বরগুনা জেলার বিভিন্ন স্থানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৩২ জন। আর জেলার বাইরে হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৫জন।
হোম কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসীদেরও নিয়মিত খোঁজখবর রাখছে বরগুনা জেলা পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় হোম কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসীদের স্বাস্থ্য সংস্থার দেয়া পরামর্শগুলো নিয়মিত জানানো হচ্ছে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে।
এছাড়াও হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে ২৮৪ জনের।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ বলেন, ‘সদ্য বিদেশ ফেরত ৭৭২ জন প্রবাসীর মধ্যে আমরা ৭৩৭ জনকে শনাক্ত করতে পেরেছি এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। যে ৩৫ জনকে এখনো আমরা শনাক্ত করতে পারিনি তাদের অনুসন্ধানে কাজ করছে বরগুনা জেলা পুলিশের একাধিক টিম। আশা করি তাদেরকেও খুব দ্রুত আমরা শনাক্ত করতে পারবো।’
তবে জেলা পুলিশের এই তথ্যের সঙ্গে গরমিল দেখা দিয়েছে বরগুনার স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্যের। বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত সদ্য বিদেশ ফেরত ২৩২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন একজন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে এই তথ্যগুলো স্বাস্থ্য বিভাগের কর্মীদের সংগ্রহ করা তথ্য। তাই আমাদের তথ্যের সঙ্গে বরগুনা জেলা পুলিশের তথ্যের কিছুটা গরমিল দেখা দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘কোন প্রবাসী বাংলাদেশে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সে তথ্য পুলিশ সংগ্রহ করে। কিন্তু এই তথ্য সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি না। মূলত এ কারণেই তথ্যের গরমিল দেখা দিয়েছে। তবে সময় অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং সাথে সাথেই আমরা সেসব প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছি।’

