স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বৈশ্বিক বিস্তৃতি ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। যার ফলে ১২টি টেস্ট খেলুড়ে দল ছাড়াও সহযোগি ক্রিকেট টিম আছে ৮৬টি। তবে প্রায় সময় লজ্জার রেকর্ড নিজেদের করে নেয় সহযোগি দলগুলো।
নেপালের কীর্তিপুরে তেমনই এক লজ্জার রেকর্ডে ভাগ বসালো যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়ানডের সর্বনিম্ন ৩৫ রানে অল আউট হয় যুক্তরাষ্ট্র। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ে ৩৫ রানে শ্রীলঙ্কার বিপক্ষে অল আউট হয়।
আইসিসি ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য লিগ ২ এর ম্যাচে নেপালের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। টসে জিতে আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ ওভারে অলআউট হয়ে যায় অতিথিরা।
যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিতে শুরু থেকে স্পিন আক্রমণ চালায় নেপাল। যুক্তরাষ্ট্রের ১০ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন লামিচান ও সুশান ভারি। লামিচান ৬ ওভারে ১৬ রানে নেন ৬ উইকেট। আর বাঁহাতি স্পিনার ভারি ৩ ওভারে ৫ রানে ৪ উইকেট শিকার করেন। যুক্তরাষ্ট্রের ওপেনোর জাভিয়ের মার্শালের ১৬ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ বলে জয় তুলে নেয় নেপাল। তবে এরমধ্যে দুই উইকেট হারিয়ে বসে দলটি। পরশ খাড়কা ২০ রান ও দিপেন্দ্র সিং ১৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

