স্পোর্টস ডেস্ক : ওয়ালটন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্রোতের বিপরীতে হাল ধরে ১৪৬ বল খেলে ৯ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন।
অবশ্য তার সেঞ্চুরি হওয়া নিয়েই শঙ্কা জেগেছিল একটা সময়।
৭ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়ালটন। তখন ৮৪ রানে অপরাজিত ছিলেন হোম। বিরতি থেকে ফিরে দ্রুত দুটি উইকেট হারায় ওয়ালটন। ফিরে যান আরাফাত সানী ও মুকিদুল ইসলাম। তখন হোম অপরাজিত ৯০ রান নিয়ে। শেষ ব্যাটসম্যান হিসেবে তাকে সঙ্গ দিতে নামেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ কী পারবেন টিকে থেকে হোমকে সেঞ্চুরি তুলে নিতে সাহায্য করতে?
৮৬তম ওভারে বল হাতে আসেন নর্থ জোনের সালাহউদ্দিন সাকিল। তার ওই ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ৯২ থেকে ৯৮ রানে পৌঁছান হোম। এরপর ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি।
সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরও ব্যাটকে তলোয়াড় বানিয়ে শাসন করতে থাকেন নর্থ জোনের বোলারদের। সালাহউদ্দিনের ওই ওভারে তোলেন ১৩ রান। এরপর তাসকিন আহমেদের করা ৮৮তম ওভারে ২ চারে তোলেন ১০ রান। তাতে ওয়ালটনের দলীয় সংগ্রহ ছাড়িয়ে যায় ৩০০ রান।
শেষ পর্যন্ত ১৬১ বল খেলে ১৩টি চার ও ২ ছক্কায় ১২২ রান করে সালাহউদ্দিন সাকিলের বলে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে আউট হন হোম। অবশ্য মুস্তাফিজ ১২ বল খেলে কোনো রান না করে অপরাজিত থাকেন। তবে হোমের সেঞ্চুরিতে তার অবদান অনস্বীকার্য।

