স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের ম্যাচে আজ লেস্টার সিটি ও চেলসি ২-২ গোলের ড্র করে। ঘরের মাঠে ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে লেস্টার সিটি। এদিকে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন কাটালো কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে তালিকায় চেলসি চারে ও স্বাগতিকরা তিনে অবস্থান করছিলো। ম্যাচ ড্র করে জায়গার কোনো অদল বদল ঘটেনি দল দুইটির।
প্রথমার্ধে দুই দল যেনো ঝিমিয়ে ঝিমিয়ে খেলছিল। তবে দ্বিতীয়ার্ধে খেলার খোলনচল পাল্টে গেল। দুই দল মিলিয়ে জালের দেখা পেলো চারবার। তবে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চেলসিকে লিড এনে দেন চেলসির ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার (৪৬ মিনিট)। তবে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্বাগতিকদের উল্টো এগিয়ে দেন লেস্টারের হার্ভে বার্নস (৫৪ মিনিট) ও বেন চিলওয়েল (৬৪ মিনিট)। ৭১ মিনিটে চেলসির হয়ে সমতাসূচক গোলটি আসে রুডিগারের হেড থেকে।
২৫ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তৃতীয় স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ৪৯।

