স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উড়ছিল। তাদের টানা জয়ে ছেদ টেনেছে এএস মোনাকো। ঘরের মাঠে নেইমার জোড়া গোল করার পরও জয় পায়নি পিএসজি। তাদের ৩-৩ গোলে রুখে দিয়ে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে মোনাকো। এই ম্যাচে পিএসজির রক্ষণভাগের দুর্বলতা দারুণভাবে চোখে পড়েছে। অন্যদিকে নতুন কোচ রবার্তো মরেনোর তত্ত্বাবধানে প্রথম ম্যাচেই দারুণ খেলেছে মোনাকো।
পার্ক দেস প্রিন্সে রোববার রাতে ম্যাচের ৩ মিনিটেই নেইমার গোল করে এগিয়ে নেন পিএসজিকে। কিন্তু বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৭ মিনিটেই মোনাকোর গেলসন মার্টিনস গোল করে সমতা ফেরান। ১৩ মিনিটে উইসাম বিন ইয়েদের গোল করে এগিয়ে নেন সফরকারীদের। অবশ্য ২৪ মিনিটে মোনাকোর বাল্লো তোরে আত্মঘাতি গোল করে সমতায় ফেরান পিএসজিকে। আর বিরতিতে যাওয়ার আগে (৪২ মি.) নেইমার পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন দলকে। বিরতির পর ম্যাচের ৭০ মিনিটে মোনাকোর ইসলাম স্লাইমানি গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। ২০ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে মার্সেলি। ১৯ ম্যাচ থেকে মোনাকোর সংগ্রহ ২৯ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।

