স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি, ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে ভারত।
২৪ জানুয়ারি থেকে ব্লাক ক্যাপসদের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
দলে অবশ্য কোনো চমক নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি যে দলটি নিয়ে খেলেছে ভারত সেখানে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন সঞ্জু স্যামমন। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটিতে খেলেছিলেন। ব্যাট হাতে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়েছেন। গ্লাভ হাতে কোনো ডিসমিসাল করতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে বিশ্রাম পাওয়া রোহিত শর্মা ও মোহাম্মদ শামি ফিরেছেন দলে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় দলে জায়গা পাননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
২৪ জানুয়ারি অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। ২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে শেষ ম্যাচটি। নিউজিল্যান্ড যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে কোহলিবাহিনী। যেটা শুরু হবে আগামীকাল থেকে।
ভারতের ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, রিশব পন্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।

