ঢাকাMonday , 13 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির অনাগ্রহ বনাম বিসিবির ইচ্ছা!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আরও একবার মাশরাফি বিন মুর্তজার ‘অনিচ্ছায়’ তার অবসর নিয়ে হচ্ছে আলোচনা! বিশ্বকাপের পরপরই মাশরাফিকে বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বোর্ড। কিন্তু মাশরাফি অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাদ দিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বিসিবি।
নতুন বছরে আবার মাশরাফির অবসর নিয়ে হচ্ছে আলোচনা। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। এ সিরিজে আবার মাশরাফিকে অবসরের প্রস্তাব দিতে পারে বোর্ড। ঘটা করে তাকে বিদায় দেওয়ার ইচ্ছা বিসিবির। কিন্তু দুদিন আগে মাশরাফি সাফ জানিয়েছেন তাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই।
মাশরাফি পরিস্কার করে বলেছেন, ‘আমি মনে করি না আমার নিজেকে এতো প্রাধান্য দেওয়ার দরকার আছে। আমি নিজেকে এতো প্রাধান্য দিইও না যে, আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন। এটা প্রয়োজনীয় না। আমি যেমন আছি ভালো আছি, উপভোগ করছি।’
দেশের সফলতম অধিনায়কের অনাগ্রহ থাকলেও বিসিবির ইচ্ছা তাকে ঘটা করেই বিদায় দেওয়ার। বিসিবি সভাপতি রোববার বোর্ড সভার পর বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে খেলে শেষ করার একটা প্রস্তাব দিয়েছিলাম আমরা। ও তো রাজী হলো না। এই বিপিএল পর্যন্ত দেখতে চাইল। তারপর সিদ্ধান্ত নেবে।’
‘আমরা তো চাইবো ওকে ভালোভাবে…শুধু ভালোভাবে না, খুব ভালোভাবে বিদায় জানাতে। যেটা বাংলাদেশে এর আগে কেউ আগে পায়নি কিংবা শীঘ্রই কেউ পাবে। এটা আমাদের ইচ্ছা। ও চাইলে ভালো, না চাইলে কিছু করার নেই।’ – যোগ করেন বোর্ড প্রধান।
দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি মাঠেই করবেন কিনা কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। এ নিয়ে মাশরাফি বলেছেন, ‘অবসর তো সবাই করিয়ে দিয়েছে! মাঠ থেকে অবসর নেব কি নেব না, এখনও সিদ্ধান্ত নেইনি।’
অবসর ইস্যুতে বোর্ড ও মাশরাফি রয়েছে দুই প্রান্তে। দুই পক্ষের দুই ইচ্ছা। মাশরাফির খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বোর্ড তড়িঘড়ি করছে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিদায় জানানোর। অবসরের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে থাকে। সেই আলোচনা মাশরাফি থামিয়েছেন নিজেই। বিসিবিকে অনুরোধ করেছেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। কিন্তু অবসরের আলোচনা কি থামাতে পারবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক?