নিউজ ডেস্ক : গতকাল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন লিও কার্টার। আজ পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন তরুণ তুর্কি টম ব্যান্টন। ১৯ বছর বয়সী ইংলিশ এই ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিংয়ের শিকার হয়েছেন স্পিনার অর্জুন নায়ার। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন ব্যান্টন।
বৃষ্টির কারণে বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও সিডনি থান্ডারের ম্যাচ নেমে আসে ৮ ওভারে। বৃষ্টি থামার পর ছক্কা বৃষ্টি নামান ব্যান্টন। ইনিংসের প্রথম বলে তিনি ড্যানিয়েল স্যামসকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান। পরের দুই বলে দুই চার। ওই ওভারে ৪ বলে ১৫ রান তোলেন। পরের ওভারে ১ বল মোকাবেলা করে নেন ১ রান। তৃতীয় ওভারে ক্রিস গ্রিনকে হাঁকান ১ ছক্কা।
চতুর্থ ওভারে নায়ারকে আনে সিডনি থান্ডার। স্ট্রাইকে ব্যান্টন। নায়ারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি। পরের বলটি লং অন দিয়ে ছক্কা হাঁকান। তৃতীয় বলটিও লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেলেন। বলটি সিডনির ফিল্ডার ধরেও ফেলেছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল নিয়ে রাউন্ডারি রোপের বাইরে পড়েন।
চতুর্থ বলটিও এই জায়গা দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন ব্যান্টন। পঞ্চম বলটিকেও তিনি গ্যালারিতে ফেলেন। ষষ্ঠ বলটিও একই জায়গা দিয়ে একই ভাগ্যবরণ করে। তাতে মাত্র ১৬ বলে ৫৫ রান হয়ে যায় ব্যান্টনের। যা বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ১৯ বলে ২ চার ও ৭ ছক্কায় ২৯৪.৭৩ স্ট্রাইক রেটে ৫৬ রান করে আউট হন তিনি।
তার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে মাত্র ৮ ওভারে ১১৯ রান সংগ্রহ করে ব্রিসবেন হিট।
২০১৬ সালে ক্রিস লিন টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছিলেন। আজ নন স্ট্রাইকিং প্রান্তে তিনি ছিলেন ব্যান্টনের টানা পাঁচ ছক্কার সাক্ষী।

