স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এবারের মৌসুমে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানটা অনেক বড়। তারপরও ম্যানচেস্টার সিটিকেই গত দশকে ইংল্যান্ডের সেরা দল হিসেবে দেখছেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
বর্তমানে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে গত এক দশকের পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে সিটিজেনরা। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি শিরোপা অর্জন করেছে সিটি। তাদের নিকটতম অবস্থানে থাকা চেলসির শিরোপা ৯টি। ২০১৮-১৯ মৌসুমে গার্দিওলার অধীনে ঘরোয়া ট্রেবলসহ মোট চারটি শিরোপা জেতে সিটি।
তবে এই মৌসুমে তারা সেরা ছন্দে নেই। লিগে ২০ ম্যাচে ১৩ জয়ের পাশাপাশি ৫টি হার দেখেছে দলটি। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে পুরো মৌসুমেই তারা হেরেছিল মাত্র চার ম্যাচ। সিটির কোচ গার্দিওলা তবুও গর্বিত, ‘আমি মনে করি ইংল্যান্ডে গত দশকের সেরা দল ম্যানচেস্টার সিটি। আপনি পয়েন্টের কথা বলেন, শিরোপা বা গোল সবকিছুতে এগিয়ে ম্যানচেস্টার সিটি। আমি সিটিজেনদের এজন্য স্বাগত জানাই।’
‘সমর্থকরা বলে, ২০১৯ সালে আমাদের বিপর্যয় ঘটেছে। তবে আমরা কিন্তু এ বছর চারটি শিরোপা জিতেছি। আমার কাছে তাই চলতি বছর অবিশ্বাস্য ভালো। আমরা শেষ দিকে কিছু ম্যাচ হেরে গেছি। তবুও আমি খেলোয়াড় ও দলের প্রাপ্তি নিয়ে গর্বিত’- বলেন স্প্যানিশ কোচ।
গার্দিওলা মনে করেন, ম্যানচেস্টার সিটির মালিকানা বদলের ফলে আমূল পরিবর্তন আসে দলটির। আবুধাবির শেখ মনসুর ২০০৮ সালে দলটি কেনার পর বিপুল অর্থ খরচ করেন। এ নিয়ে গার্দিওলা বলেন, ‘আবুধাবির মালিকানাধীন সিটি ফুটবল গ্রুপ যখন দায়িত্ব নেয়, তারা প্রচুর অর্থ খরচ করে ক্লাবটির পেছনে। দুর্দান্ত কিছু খেলোয়াড় কেনে। ভালো মানের কোচ নিয়োগ করে। এভাবে গত ১০ বছরে ক্লাবটির দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রতিদিন সিটিজেনরা আগের দিনের চেয়ে উন্নতি করছে।’
সাবেক বার্সা কোচের মতে, প্রিমিয়ার লিগ সময়ের সঙ্গে কঠিন হচ্ছে। তবে সামনের দশকেও তার দল শীর্ষে থাকবে বলে মনে করেন তিনি, ‘ইংল্যান্ডে শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি। লক্ষ্য করলে দেখবেন ক্লাবগুলোর ইতিহাস-ঐতিহ্য কত সমৃদ্ধ। আমরাও এখন সে কাতারে পৌঁছাতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’
‘আশা করি সামনের দশকে আমরা নিজেদের আরও ছাড়িয়ে যাব। সামনের দশকেও আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারব। আমরা এখানে কেবল খেলা আর দল নিয়ে নেই। বরং ক্লাব হিসেবে কিভাবে নিজেদের আরো উন্নতি করা যায় সে চেষ্টা করে যাচ্ছি’- যোগ করেন সিটির কোচ।
টানা দুইবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হ্যাটট্রিক শিরোপার সম্ভাবনা নেই বললেই চলে। ওয়াটফোর্ডের কাছে ৩-২ গোলে হারের পর গার্দিওলা আশা ছেড়ে দিয়েছেন বলে অভিমতও দেন।
তবে বছরের শেষে এসে গার্দিওলা বলেন, ‘লিভারপুল ইউরোপের সেরা দল। তারা যে গতিতে এগোচ্ছে এর জন্য তাদের সাধুবাদ জানাই। তাদের ফলাফল নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমরা নিজেদের সেরাটা দিতে পারি। জয়ের চেষ্টা করতে পারি। তাদের পয়েন্ট খোয়ানোর জন্য দোয়া করতে পারি। আমরা জানি তারা কেমন দল। আর শেষ দিকে কী অবস্থা হয় তাদের।’

