ঢাকাWednesday , 1 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিমকে নিয়ে টানাটানির অবসান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে নাসিম শাহকে রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে বিতর্কের ইতি টানল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যুব বিশ্বকাপের দল থেকে নাসিমের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বদলে সুযোগ দেওয়া হয়েছে আরেক পেসার মোহাম্মদ ওয়াশিম জুনিয়রকে। পিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাহী ওয়াশিম খান।
পিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভবিষ্যত ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উদীয়মান তারকাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের বড় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তারা নিজেদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য তৈরি করে নেয়। নাসিম সম্প্রতি সেই কাঁচের সিলিং ভেঙে আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চিনিয়েছে।’
নাসিম না খেললেও দলের পারফরম্যান্স নিয়ে ভীত নন ওয়াশিম খান, ‘আসন্ন যুব বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলার কারণ নেই। কারণ, নির্বাচকরা একটি অভিজ্ঞ দল বেছে নিয়েছেন। যারা দুর্দান্ত কিছু করে দেখানোর আত্মবিশ্বাস নিয়ে খেলতে যাচ্ছে।’
নাসিম শাহ বর্তমানে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বোলিং নিয়ে কাজ করছেন। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দেখা যাবে এই টিন-এজ পেসারকে। যদিও সিরিজটি হবে কি না, সেটা এখনো চূড়ান্ত নয়।
নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটে ১৬ বছর বয়সি নাসিমের। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন নাসিম। ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে পাঁচ উইকেট নেন। রেকর্ডে তার সামনে আছেন আরও দুই পাকিস্তানি নাসিম গনি ও মোহাম্মদ আমির।
এরপর নাসিমকে যুব বিশ্বকাপের জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়। কিন্তু সিনিয়র দলে ভালো করায় তাকে জাতীয় দলে রাখতে চান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। ফলে তাকে নিয়ে দুই পক্ষের টানাটানি শুরু হয়ে গিয়েছিল। অবশেষে সেই টানাটানির অবসান ঘটল।
নাসিমের জায়গায় সুযোগ পাওয়া ওয়াশিম জুনিয়র ইমার্জিং এশিয়া কাপে ৩ উইকেট নেন। এর আগে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচে ৭ উইকেট শিকার করেন।
পাকিস্তান যুব দলের হয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে এই ডানহাতি পেসারের। যে ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন ওয়াশিম। ২০০৪ ও ২০০৬ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৯ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।