স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল সেদিন! কুইন্সটাউনে কোরি অ্যান্ডারসন ক্যারিবীয় বোলারদের নাকের জল-চোখের জল এক করে দিয়েছিলেন ৪৭ বলে ৬ চার ও ১৪ ছক্কায় অপরাজিত ১৩১ রানের টর্নেডো ইনিংস খেলে।
নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের ইনিংসটা ছিল ঠিক ছয় বছর আগে আজকের এই দিনেই, মানে ২০১৪ সালের ১ জানুয়ারি।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ২১ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন অ্যান্ডারসন। বাঁহাতি ব্যাটসম্যান সুনীল নারিনকে এক ওভারে চার ছক্কা হাঁকানোর পথে ফিফটি পূর্ণ করেন মাত্র ২০ বলে।
পরের ১৬ বলেই ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক! ৩৫ বলে পৌঁছে গিয়েছিলেন ৯৫-এ। তখন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পরের বলে অ্যান্ডারসনের দরকার ছিল ছক্কা হাঁকানোর। নিকিতা মিলারের বলে স্লগ সুইপে লং লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন।
অ্যান্ডারসন ভেঙেছিলেন শহীদ আফ্রিদির ১৭ বছরের রেকর্ড। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে আফ্রিদি ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সেই রেকর্ড অতীত করে দেন অ্যান্ডারসন।
অবশ্য পরের বছরের ঠিক জানুয়ারিতে জোহানেসবার্গে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩১ বলে সেঞ্চুরি করে অ্যান্ডারসনের রেকর্ডটা ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। যেটি টিকে আছে এখনো।

