স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এ বিষয় বিস্তারিত জানানোর জন্য রোববার তিনি সংবাদ সম্মেলন করবেন।
৩৫ বছর বয়সী সিডলের ২০০৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল। ৬৭ টেস্ট খেলে ২২১ উইকেট নিয়েছেন। যা অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১৩তম সর্বোচ্চ উইকেট শিকার। আটবার নিয়েছেন পাঁচ উইকেট। ২০১০ সালে গ্যাবায় ইংল্যান্ডের বিপক্ষে তার জন্মদিনে করা হ্যাটট্রিকটি সবার মনে থাকবে। সবশেষ অস্ট্রেলিয়ান হিসেবে সেবার তিনি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন।
টেস্টের বাইরে তিনি ২০টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে।
অবসর নেওয়ার বিষয়ে সিডল বলেছেন, ‘অ্যাশেজ ছিল আমার প্রধান লক্ষ্য। আমি খেলতে চেয়েছিলাম। অ্যাশেজ সিরিজের অংশ হতে চেয়েছিলাম। আমি এ বিষয়ে টিম পেইন ও জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আলোচনাও করেছিলাম। বলেছিলাম যে আমি অ্যাশেজ সিরিজ খেলে অবসরে যেতে চাই। কিন্তু সেই সুযোগ হয়নি। তাই আমাকে ৬৭ টেস্ট খেলেই থামতে হচ্ছে।’
সিডল সবশেষ বক্সিংডে টেস্টের স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছিলেন। দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বক্সিংডে টেস্টে জেমস প্যাটিনসনকে নিয়ে আগানো হয়। সিডল যোগ দেন বিগ ব্যাশে।

