বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। দুদিন পরই এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচন। এবারই প্রথম ঝালমলে আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা।
প্রার্থীদের হয়ে হ্যাভিওয়েট নির্মাতা, প্রযোজক ও শিল্পীরাও ভোট চাইছেন। এই তালিকায় রয়েছেন—দেলোয়ার জাহান ঝন্টু, মনোয়ার হোসেন ডিপজল, খোরশেদ আলম খসরু, জায়েদ খান, ইকবাল প্রমুখ।
গতকাল শুক্রবার বিএফডিসিতে লিটন-নজরুল প্যানেলের পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় লিটন-নজরুল প্যানেলের জন্য ভোট চেয়েছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে। প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেন নজরুল রাজ।
এ সময় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘লিটন-নজরুল প্যানেল আমাকে কথা দিয়েছে ওরা আগামী এক বছর ভালো কাজ করবে। আমারও মনে হচ্ছে, ওরা ভালো কাজ করবে। একবারের জন্য ভোট দিয়ে কাজ করার সুযোগ দিন। ওদের কোনো ভুল-ত্রুটি থাকলে ক্ষমা করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কাজ করতে গেলে মানুষের ভুল-ত্রুটি হয়।’
জায়েদ খান বলেন, ‘পর্দার জনপ্রিয়তা আর সাংগঠনিক দক্ষতা এক নয়। পর্দায় ভালো অভিনয় করলে সাংগঠনিক কাজ ভালো করবে তা নয়। সাংগঠনিক কাজের জন্য দক্ষতা থাকতে হবে। আমি মনে করি, লিটন হাশমি ও নজরুল রাজের সাংগঠনিক দক্ষতা ভালো তারাই পারবে ফিল্ম ক্লাবকে ভালো কিছু উপহার দিতে। তাদের প্যানেল পরিচিতির আয়োজন থেকেই তা বোঝা যাচ্ছে। আপনারা সবাই এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফিল্ম ক্লাবের নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিকুর রহমান লিটন ও অভিনেতা অমিত হাসান। আতিকুর রহমান লিটন-নজরুল রাজের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে অপূর্ব রায়, শাখাওয়াত হোসেন, আবদুর রহমানসহ ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন।

