স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এসি মিলানে সবশেষ ২০১২ সালে খেলেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর মিলান ছেড়ে যান। ১২ বছর পর আবার ফিরতে যাচ্ছেন মিলানে। সুইডেনের এই ৩৮ বছর বসয়ী ফুটবলারকে দলে ভিড়িয়েছে এসি মিলান। মেডিকেল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে ২ জানুয়ারি তিনি মিলান সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। আর ১৫ জানুয়ারি মাঠে নামার সুযোগ পাবেন।
অবশ্য ইব্রা যে মিলানে আসছে সেটার ইঙ্গিত শুক্রবার রাতেই দিয়েছিল এসি মিলান। তারা আগুণ জ্বালানো গোলপোস্টের ছবি দিয়ে লিখেছিল ‘IZCOMING’। আর ইব্রা ইনস্টাগ্রামে তার একটি ছবি দিয়েছিলেন। যেখানে তার চোখের মণি ছিল লাল। লাল রঙ দিয়ে তিনি এসি মিলানকে বুঝিয়েছিলেন।
পরবর্তীতে তিনি লিখেন, ‘আমি সেই ক্লাবে ফিরতে যাচ্ছি যেটাকে আমি অনেক শ্রদ্ধা করি। মিলানে ফিরতে যাচ্ছি, যে শহরটিকে আমি ভালোবাসি। আমি আমার সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, মৌসুমের বাকি সময়ে এসি মিলানের গতিপথ পরিবর্তনের লক্ষ্যে। আমি লক্ষ্য পূরণ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখব না।’
এসি মিলান লিখেছে, ‘এসি মিলান আনন্দের সঙ্গে জানাচ্ছে যে আমরা জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি।’
ইব্রার সঙ্গে মিলানের চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত। তবে তারা চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছে। ইব্রা যদি মৌসুমের বাকি সময়টায় মিলানের হয়ে ভালো পারফর্ম করতে পারেন তাহলে চুক্তির মেয়াদ বাড়বে।
২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এসি মিলানে ইব্রাহিমোভিচ ৮৫ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৫৬টি। এবার সেই ট্যালিটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।

