স্পোর্টস ডেস্ক : দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকার নতুন কোচ মার্ক বাউচার এবি ডি ভিলিয়ার্সকে ফেরানোর কথা বলেছিলেন। জানিয়েছেন, অবসর ভেঙে ডি ভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ডাক দেবেন। সোমবার রাতে ফাফ ডু প্লেসিস জানালেন, ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা চলছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মারকুটে এ ব্যাটসম্যানকে দলে চায় দক্ষিণ আফ্রিকা।
‘সবাই এবি’কে খেলতে দেখতে চায়। আমিও তাদের থেকে আলাদা নই। তাকে ফেরানোর কথা চলছে দুই-তিন মাস হলো। তার কি ইচ্ছা, কিভাবে আমরা নতুন বছর বছর করবো, তার কবে ফেরার সম্ভাবনা আছে সেসব নিয়ে আলোচনা হচ্ছে।’ – বলেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক।
২০১৮ সালের মে’তে অবসরে যান ডি ভিলিয়ার্স। ‘ওয়ার্ক লোড’ কমাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান এ প্রোটিয়া ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই ১০ মাস। এর আগেই দেশের সেরা ক্রিকেটারকে মাঠে ফেরাতে মুখিয়ে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে খেলতে আগ্রহ দেখিয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু নির্বাচকরা তখন তার প্রতি আগ্রহ দেখাননি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছেন ডি ভিলিয়ার্স। অবসরের পর আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, পিএসএল, কাউন্টি টি-টোয়েন্টি ও সিপিএলে অংশ নিয়েছেন ডি ভিলিয়ার্স। নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় তাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় দল। সামনের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
‘চলতি সপ্তাহে এবি’কে নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ড্রেসিংরুমকে আত্মবিশ্বাসী করে তুলবে। পাশাপাশি আমাদের সমর্থকরাও খুব খুশি হবে।’ – বলেছেন ফাফ ডু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকা কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি খেলবে। এরপর তারা ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। সেখানেও থাকবে টি-টোয়েন্টি সিরিজ। ডি ভিলিয়ার্স এসব ম্যাচে থাকবেন না ধারণা করা হচ্ছে। সেই সময়ে আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন এ ব্যাটসম্যান।
মূলত বিশ্বকাপের জন্য তাকে ফেরানোর চিন্তা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ডি ভিলিয়ার্স রয়েছেন দারুণ ফর্মে। সদ্য শেষ হওয়া মজানসি সুপার লিগে ৪৬.৪২ গড়ে ৩২৫ রান তুলে ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।


